দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ কারবারি আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ কারবারি আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ভোরে পৃথক দুটি অভিযানে ইয়াবা, মদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। বিজিবি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৬টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১৫৭/২-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চড়ই কুড়ি মরার চর এলাকা থেকে মিজানুর রহমান (৪৫) নামে এক মাদককারবারিকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ভারতীয় ১৩১ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও বাংলাদেশি ৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৬৯ হাজার ৮০০ টাকা। আটক মিজানুর রহমান দৌলতপুর উপজেলার চড়ই কুড়ি মরার চর এলাকার বাবু বিশ্বাসের ছেলে। এছাড়া একই দিন ভোর ৪টার দিকে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে প্রায় ৩৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫১ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭৬ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় আটককৃত ইয়াবা ও মদসহ সর্বমোট উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১ লাখ ৪৬ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি আরও জানায়, আটক আসামিসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় মামলা দায়েরের জন্য হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা ভারতীয় মদ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।