কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবি ছাত্রশিবিরের নতুন কমিটি :নিয়মিত ছাত্র নন কেউই

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফ আলী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রাশেদুল ইসলাম রাফি। এছাড়া সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন জাকারিয়া হোসাইন। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এক সদস্য সমাবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সমাবেশের প্রধান অতিথি নূরুল ইসলাম সাদ্দাম। এদিকে নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি আল ফিকহ অ্যান্ড ল বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে তিনজনেরই বর্তমানে নিয়মিত ছাত্রত্ব নেই বলে জানা গেছে। ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, “তাদের তিনজনের মধ্যে দুজনের ছাত্রত্ব রয়েছে। নতুন সভাপতি ও সেক্রেটারি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর লাইব্রেরি সায়েন্স বিভাগের শিক্ষার্থী। তবে সাংগঠনিক সম্পাদক বর্তমানে নিয়মিত ছাত্র নন।

তিনি এমফিলে ভর্তিচ্ছু শিক্ষার্থী। সার্কুলার হলে ভর্তি হয়ে তিনিও আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবেন।” বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী পূর্ববর্তী কমিটিতে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নবনির্বাচিত সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি পূর্ববর্তী কমিটিতে অফিস সম্পাদক ছিলেন। নতুন নেতৃত্ব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলেও জানা গেছে।

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর