বিশেষ প্রতিনিধি ॥ নিজেদের মধ্যে ভুলবোঝাবুঝির অবসান ঘটিয়ে কুষ্টিয়ার সাবেক এমপি ও বর্তমান এমপি প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সাথে মতবিনিময় করেছেন, জেলা বিএনপির সদস্য সচিব ও আসন্ন ত্রয়োদশ নির্বাচনে কুষ্টিয়া সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়া শহরে সোহরাব উদ্দিনের নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পপাদক এ্যাড. শামিমউল হাসান অপুসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিএনপির সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরে নই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ধারন করে এই দলকে ভালোবাসি, ধানের শীষ প্রতীককে ভালোবাসি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতির মাঠে প্রতিযোগীতা থাকতেই পারে।
তবে প্রতিহিংস্বা যাতে না হয় সে জন্য নির্বাচনে সতন্ত্র প্রার্থী না হয়ে সরে দাড়িয়েছি। এবারের নির্বাচনে আমার পক্ষে আমার সমর্থনকারী মনোনয়ন উত্তলন করেছিলো ঠিকই, কিন্তু আমি ধানের শীষের বাইরে নির্বাচন করতে চাইনি বলে পরবর্তীতে জমা দেওয়া হয় নাই। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিকল্প নেই। তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে মাঠে সক্রিয় থাকতে হবে। নির্বাচনী প্রচারনা শুরু হলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
এসময় ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম জোরদারের মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শিক দল। বিএনপি জনমানুষের দল। তিনি বলেন, আগামী দিনে কুষ্টিয়ার সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ সকলকে সাথে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নে কাজ করতে চাই।
জনগণের পাশে থেকে তাদের সমস্যার কথা শুনে তা সমাধানে কাজ করবো ইনশাআল্লাহ। সভায় উপস্থিত নেতাকর্মীরা বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জ, সাংগঠনিক অবস্থা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি ঘরোয়া পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
