কুমারখালী প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে কুষ্টিয়ার কুমারখালীতে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। গতকাল বুধবার (৭ জানুয়ারি) সন্ধায় শহরের স্টেশনবাজার এলাকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভ্যান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দেশের চাবি আপনার হাতে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে কুমারখালীতে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সুপার কারাভ্যানে থাকা শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বার্তা এবং চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশন করা হয়। রাত ৭টার দিকে সরেজমিন স্টেশনবাজারে গিয়ে দেখা যায়, একটি ভ্যানগাড়িতে চিত্র প্রদর্শন চলছে। প্রামাণ্যচিত্র ও পরিবেশনা দেখতে স্থানীয় নানাবয়সি উৎসুক মানুষের ভিড় ছুটে এসেছেন।
সেখানে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম দাঁড়িয়ে রয়েছেন। এ সময় পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, সরকারি অনুষ্ঠান চলছে। আইন – শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ। প্রদর্শনী শেষে গাড়িটি রাতে থানায় রাখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, নির্বাচনি রোড শো এর ধারাবাহিকতায় ভোটের গাড়িটি এখন কুমারখালীতে আছে। প্রদর্শনীর মাধ্যমে ভোটারদের ভোটদানে উৎসাহিত করছে। এ কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা তথ্য অফিস তাদের সর্বাত্মক সহযোগিতা করছে।
