বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে লাখ লাখ মানুষের উপস্থিতির মধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রায় দেড় যুগ পরে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার এর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেয়।
এছাড়া ধানের শীষের কান্ডারী কুষ্টিয়া-১ আসনের রেজা আহামেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ আসনে ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী ও কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেয়। এদিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুমারখালি উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম এর নেতৃত্বে দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এক বার্তায় কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে।
এই জনসমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন এবং তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ, নির্যাতন ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন প্রবাসে অবস্থান করতে বাধ্য হওয়া তারেক রহমান আবার দেশের মাটিতে ফিরেছে, এটি শুধু একটি ব্যক্তির ফেরা নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের পথে একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি দেশের মাটিতে ফিরে আশায় রাজনীতিতে নতুন আশার আলো জ্বালিয়েছে।
এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এতে ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। তিনি জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের আগেই নির্দেশনা দেওয়া হয়। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তন করায়, আমাদের জন্য এক আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। তাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্ব এদেশের তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ ও নিপীড়িত জনগণের মাঝে নতুন প্রেরণা সঞ্চার করবে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে এবং আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এদিকে এই কর্মসূচিকে ঘিরে কুষ্টিয়া জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
