দৌলতপুর প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-১ (দৌলতপুর) নির্বাচনী আসনে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। গতকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি দৌলতপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে নির্বাচনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আমিনুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী বেলাল উদ্দিন আজ সোমবার (২২ ডিসেম্বর) মনোনয়ন ফরম ক্রয় করবেন বলে নিশ্চিত করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। দৌলতপুরবাসীকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুজ্জামান শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে দৌলতপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ নির্বাচনি প্রশিক্ষণে থাকায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ জানান, এখন পর্যন্ত কুষ্টিয়া-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মোট দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলায় মোট ১৩৫টি ভোটকেন্দ্র রয়েছে। এখানে নারী ও পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার। এর মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ ভোটার প্রায় ৯৬ হাজার। ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
