মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর পাঁচটি পৃথক অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য সহ দুই কোটি একষট্টি লক্ষ বিরাশি হাজার আটশত আশি টাকা টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে। গত রবিবার (১৪ ডিসেম্বর) এবং গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী ও চোরাচালান বিরোধী অভিযানগুলো পরিচালনা করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। গত সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে চারটার সময় নায়েব সুবেদার মো. আমিরুজ্জামান এর নেতৃত্বে কুষ্টিয়া কোর্ট স্টেশনে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস” তল্লাশীর মাধ্যমে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এলএসডি ০৫ বোতল (৫০ এমএল) এবং এক কেজি ফরচুন বাসমতি চাউল উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,৬০,০০,৪৮০/- (দুই কোটি ষাট লক্ষ চারশত আশি) টাকা।
এছাড়াও গতকাল সোমবার সকাল পৌনে এগারটায় হাবিলদার মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে নিয়মিত টহল দল অপর একটি অভিযানে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৬/৩-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-১২,০০০/- (বারো হাজার) টাকা।
অপর একটি অভিযানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৯/২-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর পাড়া নামক স্থান হতে নম্বর-৬৯৫২৫ নায়েক জীবন কুমার এর নেতৃত্বে বিশেষ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৮ কেজি গাজা (০৫টি গাজার গাছ) আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-৯৮,০০০/- (আটানব্বই হাজার) টাকা।
অপর দিকে গত রবিবার (১৪ ডিসেম্বর) রাত ১১ টার সময় নায়েক সজল কুমার এর নেতৃত্বে বিশেষ টহল দল কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীর চর মাঠপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৬ বোতল চকো সিরাপ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-৫৪,৪০০/- (চুয়ান্ন হাজার চারশত) টাকা।
অপর আরেকটি অভিযানে গত রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টায় হাবিলদার সিগন্যাল মো. আইয়ুব হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল দল কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৮/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুলকানী ঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী ১১০ কেজি পিয়াজের ফুল এবং ০১টি বাইসাইকেল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-১৮,০০০/- (আঠারো হাজার) টাকা।
মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং বাংলাদেশী পিয়াজের ফুল, বাইসাইকেল ও বাসমতি চাউল কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানানো হয়েছে।
