দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বড় বাজারে এই দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদ্য সাবেক সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব।
এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, সন্ত্রাসী হামলায় আহত হাদীর সুস্থতা সহ দেশের কল্যানে সকলের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে প্রায় ছয় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে গত ২৩ নভেম্বর তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সর্বশেষ তথ্যমতে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
