কুমারখালী প্রতিনিধি ॥ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পাঁচ অদম্য নারীকে সম্মাননা জানানো হয়। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার, নারীশিক্ষার প্রসার ও সমাজে নারীর অবস্থান শক্তিশালী করতে বেগম রোকেয়ার পথপ্রদর্শক ভূমিকার কথা স্মরণ করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ও নারী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নির্বাচিত নারীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। নারী ও কন্যার প্রতি সহিংসতা রোধে পরিবার-সমাজ সকলকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
