দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তলসহ কারবারি আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তলসহ কারবারি আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিদেশি পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া এলাকা থেকে আরিফুল ইসলাম (২৪) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি ডিগ্রিরচর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে। বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল আতারপাড়া এলাকায় অভিযানে সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে অভিযান চালিয়ে আরিফুলকে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, আটক আসামি ও জব্দকৃত অস্ত্র-গুলির বিষয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এই সফল অভিযান সেই ধারাবাহিকতারই অংশ। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।