বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) অধীনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুষ্টিয়ার উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। দিনব্যাপী তিনি গ্রাম আদালতের কাঠামো, কার্যকর পরিচালনা, দেওয়ানী ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির পদ্ধতি এবং মাঠপর্যায়ের নানা চ্যালেঞ্জ নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
অংশগ্রহণকারীদের জন্য গ্রাম আদালতের নথি সংরক্ষণ, শুনানি পরিচালনা ও আইনগত দিকনির্দেশনা বিষয়েও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার ফিরোজ হোসেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক আব্দুল লতিফসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা উপস্থাপন করেন এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও উন্নত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন। বক্তারা বলেন, গ্রাম আদালত তৃণমূল জনগোষ্ঠীর জন্য দ্রুত, কম খরচে এবং সহজলভ্য বিচারসেবা নিশ্চিত করে।
এই প্রশিক্ষণ মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের দক্ষতা বৃদ্ধি করবে এবং বিরোধ নিষ্পত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়াবে। আয়োজকরা জানান, গ্রাম আদালতের সেবাকে জনগণের কাছে আরও সহজলভ্য করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। জেলার সব ইউনিয়নে গ্রাম আদালতকে আরও সক্রিয়, জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
