কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে যুবকের ঝুঁকিপূর্ণ ‘বাইক স্ট্যান্ট’ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে যুবকের ঝুঁকিপূর্ণ ‘বাইক স্ট্যান্ট’

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৩০, ২০২৫

পুলক সরকার ॥ কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল নিয়ে ঝুঁকিপূর্ণভাবে এক যুবকের বাইক স্ট্যান্ট করার একটি দৃশ্য প্রায়ই চোখে মেলে। দেখা যায়, যুবকটি বিভিন্ন কৌশলে অত্যন্ত দক্ষতার সঙ্গে বাইক চালিয়ে প্রদর্শন করছেন। ইতিমধ্যেই যুবকটির বাইক স্ট্যান্ট চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বাইক স্ট্যান্ট প্রদর্শন করা যুবকের নাম মেহেদী হাসান। সে কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকার ৭ নং ওয়ার্ড খয়েরচারার আব্দুল কুদ্দুসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায়ই দেখা যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহা-সড়ক দিয়ে বাস-ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করছিল।

ওই সময় যুবকটি স্ট্যান্ট করেন। জানা গেছে, ওই যুবক মহা সড়কে এসে এ কসরত করেন। তবে বাইকারটি স্ট্যান্ট চালানোর সময় গতি, ভারসাম্য এবং কৌশলের এক অপূর্ব সংমিশ্রণ দেখিয়েছেন। যুবকটির এই পারফরম্যান্স দেখে জনসাধারণের প্রশংসাও কুড়ান ওই বাইকার। তার এই বাইক স্ট্যান্ট চালানো নিয়ে নেটিজেনরা সাধারণত দুটি ভাগে মন্তব্য করেছেন। একটি অংশ ইতিবাচক ও অন্য অংশটি নেতিবাচক মন্তব্য করেন। তানভীর লিটন নামের এক ব্যক্তি মন্তব্য করেন, এটি বিপজ্জনক। মহা-সড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কে বাইক স্টান্ট করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সোহাগ মাহমুদ নামের আরেক ব্যক্তি মন্তব্য করেন, দারুণ প্রতিভা, দারুণ স্কিল। বাইকার মেহেদী হাসান বলেন, আমি বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়ক মহাসড়কে বাইক স্ট্যান্ট করি। এই স্ট্যান্ট করে তিনি রেকর্ড করার আশাবাদী। এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মহা-সড়কে যুবকের বাইক স্ট্যান্ট বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।