রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় ”দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৬ নভেম্বর) সকালে এগারোটায় জেলা প্রাণিসম্পদ অফিস চত্ত্বরে বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
জেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটোনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আল মামুন হোসেন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোহাম্মদ হাসান ইমাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা ও জুডিসিয়াল মুন্সিখানা শাখা )আবু সালেহ মোহাম্মদ নাসিম, জেলার ও বিভিন্ন উপজেলা থেকে আগত উদ্যোক্তাবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনী আমাদের জেলার মানুষের মধ্যে এক অনন্য উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। এ ধরনের মেলা শুধু পশুপাখি প্রদর্শনের আয়োজন নয়, বরং নতুন ধারণা, উদ্ভাবন ও সম্ভাবনার উন্মোচন ঘটায়। এখানে যারা অংশগ্রহণ করেন, তারা প্রত্যেকে বিভিন্ন উদ্যোগের প্রতি অনুপ্রাণিত হন।আমাদের লক্ষ্য হবে এই উৎসাহকে কাজে লাগিয়ে আরও বেশি নতুন উদ্যোক্তা তৈরি করা। প্রতি বছর যেন একই ব্যক্তিরা নয়, বরং নতুন উদ্যোক্তারা অংশগ্রহণের সুযোগ পান, সে বিষয়ে আমাদের মনোযোগী হতে হবে।এতে করে উদ্যোক্তা তৈরির পরিধি বাড়বে।একই সঙ্গে এ উন্নয়ন ও অভিজ্ঞতা জেলার প্রান্তিক পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।
