কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারকি ইউনিয়নের হররা আদর্শ দাখিল মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির একজন সহকারী মৌলভী শিক্ষকের বিরুদ্ধে। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং অভিযুক্ত শিক্ষককে গণধোলাইয়ের ঘটনাও ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রকে পরীক্ষার প্রস্তুতির জন্য বই দাগিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় সহকারী মৌলভী শিক্ষক আশরাফুল ইসলাম (কুটি)।

পরে সেখানে তাকে বলাৎকারের শিকার হতে হয় বলে জানা গেছে । বিষয়টি গোপন রাখতে চাপ প্রয়োগ করা হয় ওই ভুক্তভোগী ছাত্রকে। ঘটনাটি কাউকে না বলতেও জোর জুলুম করা হয়। অভিযুক্ত শিক্ষক আশরাফুল ইসলাম হররা বালিমাট এলাকার মৃত সাত্তার আলীর ছেলে। ঘটনার পরপরই গ্রামবাসীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। তাদের অভিযোগ—রক্ষকের দায়িত্ব পালনকারী শিক্ষকই যখন এ ধরনের অপরাধের সাথে জড়িত, তখন সন্তানদের নিরাপত্তা কোথায়? এলাকাবাসী দোষীর বিরুদ্ধে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় মাদ্রাসার সুপার আব্দুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করি। সোমবার সকাল সাড়ে ৯টায় এ নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণের জন্য আলোচনা সভা ডাকা হয়েছে।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ জানান, অভিযোগ শোনার পর আমরা তাকে আপাতত দায়িত্ব থেকে বিরত থাকতে বলেছি। সোমবারের ম্যানেজিং কমিটির সভায় বিষয়টি বিস্তারিত আলোচনার পর, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী প্রাণের দাবী তদন্তের মাধ্যমে দোষ প্রমাণিত হলে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।