দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত ২ জন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত ২ জন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন দৌলতপুর ইউনিয়নের বেজপুর গ্রামে পূর্বের আর্থিক লেনদেন ও দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দু’জন গুরুতর আহত হয়েছে। গতকাল রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে বেজপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাসুম (২২) বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির জন্য একই গ্রামের আতিয়ার মন্ডলের ছেলে আসাদ (২৫) এর সঙ্গে ৮ লাখ টাকার চুক্তি করেন।

চাকরি হওয়ার পর থেকে মাসুম বিভিন্ন সময়ে ওই টাকা ফেরত দাবি করে আসছিলেন।বৃহস্পতিবার ছুটিতে বাড়ি এসে মাসুম তার চাচা মহিদুল মন্ডল (৫৫)কে সঙ্গে নিয়ে বাড়ির পাশের কালভার্টের কাছে আসাদকে দেখতে পায়।এ সময় মাসুম হাতে থাকা রামদা দিয়ে আসাদকে কোপ দেওয়ার চেষ্টা করলে, পাশে থাকা রাশেদ মন্ডল (৩০) এর ডান হাতের কনুইয়ের উপর কোপ লাগে এবং তিনি গুরুতর জখম হন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে আসাদ নিজ বাড়ি থেকে রামদা নিয়ে এসে পাল্টা হামলা চালালে মাসুমের চাচা মহিদুল মন্ডল বাধা দিতে গেলে তার কপাল থেকে মুখ পর্যন্ত গুরুতর কাটা জখম হয়।

স্থানীয় লোকজনের সহায়তায় উভয় পক্ষকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় মহিদুল মন্ডলকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দৌলতপুর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।