বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া পৌর ১৯ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারনা মাঠে নেমেছে বিএনপির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) নির্বাচনী প্রচারণা জোরদার করার লক্ষ্যে বিএনপির একাধিক স্থানীয় নেতা ও কর্মী গণসংযোগে অংশ নেন। সদর থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মিন্টু ও পৌর ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম চায়না’র উদ্যোগে গণসংযোগে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এসময় ধানের শীষের কান্ডারি জাকির হোসেন সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী। পরে স্থানীয় নেতৃবৃন্দ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের প্রার্থীকে বিজয়ী করতে সমর্থন কামনা করেন। গণসংযোগে এলাকাবাসীর নানা সমস্যা ও প্রত্যাশা শোনেন নেতারা। অনেক বাসিন্দা স্থানীয় অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ সমস্যা, সড়ক সংস্কার ও জনসেবায় স্বচ্ছতা বৃদ্ধির দাবি তুলে ধরেন। প্রচারণাকালে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। স্থানীয় উন্নয়ন, ন্যায্য সেবাবঞ্চনা দূর করা, যুবকদের কর্মসংস্থান ও সাধারণ মানুষের সমস্যা সমাধানকে অধিক গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরো বলেন, দেশের যে কোন পরিস্থিতি মোকাবিলা করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ভূল বোঝাবুঝি থাকলে তার অবসান ঘটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরতে হবে।
