নিজ সংবাদ ॥ মায়ের সাথে ঝগড়া করে বিষ পানে আত্মহত্যা করেছে রুমা খাতুন (১৬) (ছদ্মনাম) নামে এক স্কুল ছাত্রী। গত রবিবার (১৭ নভেম্বর) ইবি থানাধীন হরিনারায়নপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। রুমা হরিনারায়নপুর গার্লস স্কুল এর দশম শ্রেণীর ছাত্রী। জানা যায়, গত রবিবার দুপুরে খাবার খাওয়ার সময় রুমার সাথে তার মায়ের সংসারের খুঁটিনাটি কাজ করা নিয়ে কথা কাটাকাটি হয় এসময় রুমা খাবার না খেয়ে তার ঘরে চলে যায়।
পরে সকলের অগোচরে বেগুন ক্ষেতে ব্যবহারের জন্য বাড়ীতে রাখা কীটনাশক বিষ খেয়ে চিৎকার করে কান্না কাটি করতে থাকে। রুমার কান্নাকাটি শুনে তার বাবা মা তার ঘরে ঢুকলে তার মুখ দিয়ে গেজলা বের হতে দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তার মা-বাবা কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫ টায় মৃত্যু বরণ করে।
