ভেড়ামারা প্রতিনিধি ॥ গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দুইটার সময় ভোড়ামারায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন। জানা যায়, রাতের অন্ধকারে ভেড়ামারা পৌরসভার রেলওয়ের বাসস্ট্যান্ডের নিকটে পশ্চিম দিকের প্লাটফর্ম বাউন্ডারি সংলগ্ন খিচুড়ি পট্টি মার্কেটে অবৈধ স্থাপনা নির্মাণ করেন।
খবর পেয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু’র সার্বিক নির্দেশনায় গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দুইটার সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশেষ অভিযান পরিচালনা করেন। সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক খিচুড়ি পট্টি মার্কেট’র সামনে ৮ ফিট রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে রাখার কথা থাকলেও গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে হঠাৎ করে কেউ পৌর রাস্তার উপরে পাকা টিনসেড দোকান ঘর নির্মান করেন।
দোকান তৈরীর বিষয়ে কোন ব্যাক্তিই কোন তথ্য না দেওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন রেল বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ ও পৌরসভার সহায়তায় দোকান গুলো উচ্ছেদ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, ঘটনাটি আমার দৃষ্টি গোচর হওয়া মাত্র উপজেলা প্রশাসন বিধিমালা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এমন অভিযান ভবিষ্যতে চলমান থাকবে বলে ও জানিয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেড়ামারা জানান, তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
