ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পল্লীতে সাপের কামড়ে আরজিনা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধরমপুর ইউপির রামচন্দ্রপুর মানিকের বাধ বানুতলা গ্রামের ছিদ্দীক মন্ডলের স্ত্রী।
খবরটি নিশ্চিত করেছেন ধরমপুর ইউপি চেয়ারম্যান সামসুল হক।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (২৩ জুন) রাতে নিজ ঘরে স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে আরজিনাকে সাপে কামড় দিলে জ্বালা-যন্ত্রণা শুরু হয়। তার আত্মচিৎকারে স্বামী ছিদ্দিক ঘুম থেকে জেগে উঠেন। কামড়ের ধরণ দেখে ঐ রাতেই দ্রুত ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রী আরজিনাকে ভর্তি করেন। তার কিচ্ছুক্ষণের মধ্যে গতকাল সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টা দিকে তিনি মারা যান।
এমন সংবাদ দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই আতঙ্কে ভুগছেন। পরে পাশের গ্রাম থেকে ওঝা ডেকে নিয়ে আসা হয়। ওই বাড়ির ঘরের মধ্যে লুকিয়ে থাকা সাপ ধরে দেখা যায় বিষধর কুলিম (গোখড়া সাপ)।
তবে কয়েকদিন যাবৎ পদ্মানদীর কুল ঘেষে গ্রাম রায়টা, বাহাদুরপুর, মসলেমপুর টিকটিকি পাড়া গুলোতে সাপের উপদ্রব বাড়ছে। বিষাক্ত সাপের কামড়ে ঘটছে প্রাণহানির ঘটনাও।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে অ্যান্টিভেনম থাকলেও প্রচার না থাকায় সেবা নিতে জেলার বাইরে চলে যাচ্ছেন অনেকেই। এতে সময়ের কালক্ষেপণে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। অথচ স্বাস্থ্য বিভাগ বলছে, দ্রুত সময়ের মধ্যে আসলেই মিলবে চিকিৎসা, রয়েছে পর্যাপ্ত অ্যান্টিভেনম।
এদিকে, লোকজনকে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে চলাচলের ও কাউকে সাপে ছোবল দিলে দ্রুত নিকটতম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভেড়ামারা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর ইসলাম।
