কয়েলের আগুনে পুড়েছে খামারির স্বপ্ন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কয়েলের আগুনে পুড়েছে খামারির স্বপ্ন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৫, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় মশার কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুনে লেগে পুড়ে ছাই হয়েছে খামারির স্বপ্ন। গোয়ালে থাকা ৫টি গবাদিপশু দগ্ধ হয়ে মারা গেছে। একই সাথে আগুন নেভাতে গিয়ে খামারি আতিয়ার ও তার স্ত্রী বুলবুলি খাতুন আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন। গত শুক্রবার  মধ্যরাতে জেলার ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আলীনগর মোল্লা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আতিয়ার রহমান জানান, মশার উপদ্রব থেকে গরুগুলোকে রক্ষা করতে তিনি নিয়মিত মশার কয়েল ও গোবরের লাঠির সাজাল ব্যবহার করে থাকেন। গত শুক্রবার রাতে ঘুমাতে যাওয়ার পর হঠাৎ রাত ১২ টার দিকে তার গোয়ালঘরের আগুনের আলো ও আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। তিনি গোয়ালঘরের চারপাশে আগুন দেখতে পান। এরপর আতিয়ার ও তার স্ত্রী বুলবুলি আগুনের মধ্যে গরুর গলায় বাঁধা রশি কাটতে গেলে তারা উভয়ই আগুনে পুড়ে দগ্ধ হন। এরপর তারা চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এসে আগুন নেভান। ততক্ষণে তার সব স্বপ্ন পুড়ে শেষ। গোয়ালে থাকা ৩টি গরু ও ২টি ছাগল পুড়ে দগ্ধ হয়ে মারা গেছে। তাছাড়া গোয়াল রাখা পেয়াজ,রসুন ও ভুট্টা পুড়ে ছাই হয়ে গেছে । এতে কৃষক আতিয়ারের প্রায়  ৫ লক্ষ টাকার ক্ষতি হয়। এদিকে ঘটনার পরদিন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান ও আলীনগর গ্রামের ইউপি সদস্য সুজা উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং কৃষক ও খামারিদের মশার কামড় থেকে গবাদিপশুকে রক্ষা করার ক্ষেত্রে অধিক সচেতন হওয়ার অনুরোধ জানান।