বিএনপি প্রতিদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে : হানিফ
বিএনপি নেতারা প্রতিদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বিএনপি প্রতিদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে : হানিফ
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন তাদের সন্ত্রাসীদের হাতে ১৩ জন সাংবাদিক নিহত হয়েছিল। বর্তমান সরকারের আমলে গণমাধ্যম অবাধ, নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। বিএনপি নেতারা প্রতিদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। আবার তা গণমাধ্যমে প্রচারও হচ্ছে। স্বাধীনতা না থাকলে বিএনপির এই মিথ্যাচার গণমাধ্যমেও প্রচার হতো না।’
মঙ্গলবার (১৮ জুলাই) কুষ্টিয়া নাগরিক পরিষদের আয়োজনে সদর উপজেলা হলরুমে ‘সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শুধু বিএনপি নয়, যারা নাশকতা কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ববস্থা গ্রহণ করবে সরকার। দেশের জনগণের জানমাল রক্ষার্থে সবধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে।’
![]()
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুন প্রমুখ উপস্থিত ছিলেন।
