রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম আলী, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ এমদাদুল হক, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াদুদ হোসেন, ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী এবং জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শরিফুল আলম।
এ ছাড়া সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান বলেন, সবার সম্মিলিত সহযোগিতা, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টায় জেলার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হলে সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এ সময় ডাক বিভাগের সেবাকে আরও জনবান্ধব ও জনপ্রিয় করে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।









