কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হিকমা ক্লিনিকে পাথর অপসারণে গিয়ে সংকটাপন্ন রোগী

মেডিকেলের আইসিইউতে ভর্তি

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার পেয়ারাতলায় অবস্থিত হিকমা ক্লিনিকে পিত্তথলির পাথর অপারেশন করতে গিয়ে ফারহানা আক্তার নামে এক রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পরে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

 

রোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর পিত্তথলির পাথর অপারেশনের জন্য ফারহানাকে হিকমা ক্লিনিকে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের জন্য চিকিৎসক ডা. আখতারুজ্জামানের সঙ্গে ২৬ হাজার টাকা চুক্তি হয়। ল্যাপারোস্কপির মাধ্যমে অস্ত্রোপচার করে পিত্তথলি অপসারণের কথা ছিল। তবে অপারেশন থিয়েটারে নেওয়ার পর হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

রোগীর স্বজনেরা অভিযোগ করে বলেন, অপারেশনের আগে চিকিৎসক প্রায় চার মাস আগের একটি ইসিজি রিপোর্ট দেখেছেন। এ ছাড়া আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছিল। তাঁদের দাবি, অপারেশন থিয়েটারে নেওয়ার পর হঠাৎ রোগীর রক্তচাপ বেড়ে যায়। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

স্বজনেরা আরও বলেন, অস্ত্রোপচারের সময় অ্যানেসথেসিয়া চিকিৎসক হিসেবে কে দায়িত্বে ছিলেন, তা তাঁরা জানেন না। তাঁদের সন্দেহ, চিকিৎসার কোনো পর্যায়ে ত্রুটি বা গাফিলতি হয়ে থাকতে পারে। এ ঘটনায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন।

 

এ বিষয়ে চিকিৎসক ডা. আখতারুজ্জামান বলেন, গত ১২ নভেম্বর রোগীকে পিত্তথলির অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ল্যাপারোস্কপির মাধ্যমে অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু করা হয়েছিল। একটি ছিদ্র দিয়ে যন্ত্র প্রবেশ করিয়ে দ্বিতীয় ছিদ্র করার সময় রোগীর হৃদস্পন্দন কমে যেতে দেখা যায়। পরে সন্দেহ হওয়ায় যন্ত্রপাতি পরীক্ষা করা হয়। এতে যন্ত্রপাতিতে কোনো সমস্যা পাওয়া যায়নি। এ সময় রোগীর রক্তচাপ বেড়ে যায়। পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসকেরা রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। তবে সব রোগীকে বাঁচানো সম্ভব হয় না। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে রোগীর সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

 

রোগীর বর্তমান অবস্থার দায়ভার নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে ডা. আখতারুজ্জামান বলেন, রোগীকে ক্লিনিকে রেখে সংকটাপন্ন পরিস্থিতি তৈরি করা হয়নি। অবস্থার অবনতি হওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

এদিকে রোগীর পরিবারের অভিযোগের বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত দাবি তুলেছেন ভুক্তভোগী পরিবার।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর