মিজানুর রহমান নয়ন, কুমারখালী ॥ শনিবার খালবাজারে চৌদ্দশ টাকা মণ পেঁয়াজ বেচেছি। আজ বাড়ির কাছে হাট। তাই ফজরের আযানের পরপরই সাত বস্তা পেঁয়াজ নিয়ে আইছি। কিন্তু এখন বেলা বাজে সাড়ে আটটা। তবুও পেঁয়াজ বেচতে পারিনি। দাম একেবারেই কম। তাই ফিরে নিয়ে যাচ্ছি।’ আক্ষেপ করে কথা গুলে বলছিলেন কুষ্টিয়ার কুমারখালীর কৃষক হাফিজ্লু ইসলাম। তিনি উপজেলা যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গতকাল রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪৬ মিনিটে চৌরঙ্গী সপ্তাহিক পেঁয়াজের হাটে হাফিজুলের সাথে কথা হয় প্রতিবেদকের। তিনি জানান, মানভেদে ৮০০ থেকে এক হাজার ৩০০ টাকা মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে। তার পেঁয়াজের দাম উঠেছে এক হাজার ২০০ টাকা। অথচ মজুদের কারণে ওজন কমে যাওয়ায় বর্তমান একমণ পেঁয়াজের উৎপাদন খরচ প্রায় এক হাজার ৬০০ টাকা। তাঁর ভাষ্য, গতবছর এই সময়ে পেঁয়াজ বিক্রি হয়েছিল দুই হাজার ৫০০ থেকে তিন হাজার ৩০০ টাকা মণ।
একই গ্রামের কৃষক কামাল হোসেন বলেন, গতকাল চৌদ্দশ টাকা মণ পেঁয়াজ বিক্রি হয়েছে। আজ ( রোববার) সেই পেঁয়াজ বিক্রি করলাম বারোশ টাকায়। অথচ এককেজি পেঁয়াজ উৎপাদনে খরচ লেগেছে ৩৫ থেকে ৪০ টাকা। তাঁর ভাষ্য, এবার বছর জুড়েই পেঁয়াজের দাম কম। উৎপাদন খরচও উঠছে না। পেঁয়াজ চাষিদের এবার মাথায় হাত। অন্তত দুই হাজার টাকা মণ হলে চাষিরা কিছুটা বাঁচতো।
শুধু হাফিজুল কিংবা কামাল নয়, এবছর পেঁয়াজের দাম কম থাকায় বিপাকে পড়েছেন উপজেলার সকল কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের ভাষ্য, গতবছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায় অতিরিক্ত জমিতে পেঁয়াজের চাষ করেছিলেন তাঁরা। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিবিঘায় ৭০ থেকে ৮০ মণ ফলন হয়েছিল। উচ্চফলনশীল জাতের পেঁয়াজ উৎপাদন হয়েছিল প্রতিবিঘায় একশ মণের ওপরে। এবছর জমির ইজারা, সার, কীটনাশক ও তেলের দাম বেশি হওয়ায় মৌসুমে প্রতিকেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছিল ৩০ থেকে ৩২ টাকা। কয়েকমাস মজুদ রাখায় পেয়াজ শুকিয়ে ও পঁচে যাওয়ায় বর্তমান প্রতিকেজি পেঁয়াজের উৎপাদন খরচ দাঁড়িয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। তবে বর্তমানে হাটে পাইকারী প্রতিকেজি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ২০ থেকে ৩২ টাকায়। এতে চরম লোকসানে পড়েছে তাঁরা।
জানা গেছে, প্রতি রোববার কুমারখালীর যদুবয়রা – পান্টি সড়কের চৌরঙ্গী মহাবিদ্যালয় মাঠে বসে উপজেলার দ্বিতীয় বৃহত্তম সপ্তাহিক পেঁয়াজের হাট। ভোরের আলো ফোঁটার আগেই দূর – দূরান্ত থেকে পেঁয়াজ নিয়ে ভিড় করতে থাকেন কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা। পেঁয়াজ কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন ব্যবসায়ী ও ব্যাপারীরা। দুপুর পর্যন্ত চলে বেঁচাকেনা। এদিন মানভেদে প্রতিমণ পেঁয়াজ ৮০০ থেকে এক হাজার ৩৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়। সরেজমিন গিয়ে ক্রেতা – বিক্রেতাদের এমন আনাগোনা দেখে গেছে।
দিলীপ কুমার সরকার নামের এক কৃষক বলেন, এক হাজার ২৫০ টাকা দরে আড়াই মণ পেঁয়াজ বিক্রি করেছি। তাতে সবই লচ ( লোকসান)। অন্তত তিন হাজার টাকা মণ পেঁয়াজ হলে চাষা বাঁচত। আগামীবার পেঁয়াজের চাষ করবেন কি না? এমন প্রশ্ন করতেই একগাল মুচকি হেসে বললেন, পেঁয়াজের জমিতে অন্য চাষ হয়না। চাষা মানুষ। মরি বাঁচি লাগানোই লাগবে।
পান্টি ইউনিয়নের রাজাপুর থেকে হাটা কৃষক বিল্লাল হোসেন বলেন, ১২ বিঘা জমিতে পেঁয়াজের চাষ ছিল। ভালো ফলন হয়েছিল। কিন্তু দাম না থাকায় প্রতিমণে ৫০০ টাকা করে লোকসান হচ্ছে তাঁর। তিনি পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি জানান।
মোকামে পেঁয়াজের চাপ থাকায় আজ গতকালের চেয়ে ১৫০ – ২০০ টাকা দাম বলে জানালেন স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম। তিনি বলেন, সুখ সাগর পেঁয়াজ ৯০০ থেকে এক হাজার টাকা এবং দেশীয় পেঁয়াজ এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকায় বেঁচাকেনা হচ্ছে।
কুষ্টিয়া সদর থেকে হাটে এসে প্রায় ১০ টণ পেঁয়াজ কিনেছেন ব্যবসায়ী ফজলুর রহমান। তিনি জানান, এক হাজার ২০০ থেকে ৩২০ টাকা মণ দরে পেঁয়াজ কেনা হয়েছে। যা চট্রগ্রাম নিয়ে বেচা হবে। তাঁর ভাষ্য, এবার উৎপাদন বেশি থাকায় দাম কম। কৃষকদের খরচের টাকায় উঠছেনা।
চৌরঙ্গী হাট পরিচালনার কমিটির সদস্য মিলন শেখ বলেন, প্রায় ৬ হাজার মণের মতো পেঁয়াজের আমদানি হয়েছিল। তবে দাম কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকেই না বেচে ফিরে গেছেন।
এবছর উপজেলায় চার হাজার ৮০৮ হেক্টর জমিতে প্রায় ৮৪ হাজার ৩২৭ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে বলে জানিয়েন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন। তিনি বলেন, কৃষকের প্রতিকেজি পেঁয়াজ উৎপাদনে ২৮ থেকে ৩০ টাকা খরচ হয়েছে। সংরক্ষণের ফলে প্রায় ২৫ ভাগ পেঁয়াজ শুকিয়ে গেছে এবং নষ্ট হয়েছে। হাটে দাম কিছুটা কম থাকায় হতাশ কৃষকরা। ন্যায্য দাম নিশ্চিত করা গেলে পেঁয়াজ চাষে আগ্রহী হবেন তাঁরা।
হাটে সিন্ডিকেট রুঁখতে এবং পেঁয়াজের ন্যায্যদাম নিশ্চিত করতে বাজার মনিটারিং জোরদারের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম।









