খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় একটি ফার্মেসির ভেতরে ঢুকে মোঃ ফরহাদ সরদার (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল গেটসংলগ্ন সরদার ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে।
আহত ফরহাদ সরদার খোকসা কালীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মোঃ আঃ রহমান ডাক্তারের ছেলে এবং পেশায় একজন ফার্মেসি ব্যবসায়ী।
প্রাথমিকভাবে জানা গেছে, রাতের দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী ব্যক্তি হাসুয়া ও বেকিসহ দেশীয় অস্ত্র নিয়ে ফার্মেসিতে প্রবেশ করে। এরপর তারা ফরহাদ সরদারের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে রেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় বাসিন্দা ও আশপাশের দোকানিরা তাঁকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে, কারা এতে জড়িত কিংবা হামলাকারীদের পরিচয় কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার প্রকৃত কারণ বের করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
খোকসা থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। হামলার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









