কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে মাদক মামলায় রুবেল আটক

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে ৪০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোহাম্মদ জাহিদ সরদার (৩৪) নামে এক যুবককে আটক করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুজন পালিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তাঁদের একজন রুবেল (৩৪)। পরে মাদক মামলার আসামি হিসেবে রুবেলকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গত ২৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা কল্যাণপুর এলাকায় এ অভিযান চালানো হয়। আটক জাহিদ সরদার ওই গ্রামের রেজাউল সরদারের ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মিরপুর থানার একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। রাত ১০টা ১০ মিনিটের দিকে বহলবাড়িয়া সেন্টার বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নওদা কল্যাণপুরে জাহিদ সরদারের বসতবাড়ির দক্ষিণ পাশে গোয়ালঘরের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচা করছেন।

 

পরে পুলিশ সেখানে পৌঁছালে একজনকে বসে থাকা অবস্থায় আটক করা হয়। এ সময় অন্য দুজন দৌড়ে পালিয়ে যান। আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁর হেফাজত থেকে চারটি ব্লিস্টার পাতায় রাখা ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এজাহারে বলা হয়েছে, উদ্ধার করা ট্যাবলেটগুলো কমলা রঙের। সেগুলোর গায়ে ইংরেজিতে ‘ঞধঢ়বহঃধফড়ষ ঞধনষবঃং-১০০ সম’ ও ‘ঞধঢ়ধষ’ লেখা ছিল। খোলসসহ ট্যাবলেটগুলোর ওজন ১০ দশমিক ৮ গ্রাম। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০০ টাকা হিসাবে মোট মূল্য ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ট্যাবলেটগুলো জব্দ করে। রাসায়নিক পরীক্ষার জন্য চারটি ট্যাবলেট নমুনা হিসেবে আলাদা করা হয় এবং অবশিষ্ট ট্যাবলেট পৃথকভাবে সংরক্ষণ করা হয়।

 

এজাহারে পলাতক দুজনের পরিচয় হিসেবে মো. রাজিব ইসলাম (৩২), পিতা মো. ইউসুফ আলী, সাং তালবাড়িয়া (বালুর ঘাট) এবং মোহাম্মদ রুবেল (৩৪), পিতা বিষু প্রামাণিক, সাং নওদা খাদিমপুর, মিরপুর, কুষ্টিয়ার নাম উল্লেখ করা হয়েছে।

 

পুলিশের অভিযোগ, জাহিদ সরদার পলাতক দুজনের সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় আটক জাহিদ ও পলাতক রাজিব এবং রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়েরের আবেদন করা হয়।

 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, রুবেল একজন মাদক মামলার আসামি। সে কারণে তাঁকে আটক করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর