খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে মাদক, নাশকতা ও চুরি মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৪ মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ টিম ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলার ২ জন, নাশকতা মামলার ২ জন এবং চুরি মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মেহেদী হাসান প্রজ্ঞা (২৫), রাশেদ শেখ (২৩), গণেশ দত্ত (৫৫), জালাল মণ্ডল (৫৫) ও ইমন হোসেন (২৬) রয়েছেন। তাঁদের খোকসা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে খোকসা থানা পুলিশ।









