ইবি প্রতিনিধি ॥ নতুন উদ্যোক্তা সৃষ্টি, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিল্পায়নের সম্ভাবনা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।
তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ তরুণ, শিক্ষিত বেকার ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টির আগ্রহ বাড়াতে এ উদ্যোগ সহায়ক হতে পারে।
গতকাল রোববার (৮ নভেম্বর) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) জেলা কার্যালয় কুষ্টিয়ার উদ্যোগে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী এবং ধর্মতত্ত্ব ও ইসলামিক শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মুহা. আব্দুর রহমান আনওয়ারী।
এ ছাড়া উপস্থিত ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রহিম উল্লাহ, বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়ার উপব্যবস্থাপক সোহেল রানা, প্রমোশন কর্মকর্তা নাজমুল হোসাইন ও সম্প্রসারণ কর্মকর্তা শাপলা সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়ার উপমহাব্যবস্থাপক মো. আশানুজ্জামান।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শিল্প উদ্যোগ গ্রহণ, ব্যবসা পরিচালনা, উদ্যোক্তা হিসেবে প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিসিক জেলা কার্যালয় কুষ্টিয়ার উপমহাব্যবস্থাপক মো. আশানুজ্জামান মুকুল জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ ও নতুন উদ্যোক্তাদের সঙ্গে শিল্প উন্নয়নবিষয়ক সরকারি প্রতিষ্ঠানের এ ধরনের সমন্বিত উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, আত্মকর্মসংস্থান এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে।









