মিরপুর প্রতিনিধি ॥ যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের সঞ্চালনে বক্তব্য রাখেন, মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। এসময় মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পিযুষ কুমার সাহা, কৃষি অফিসার মতিউর রহমান মুন্না, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পলক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, যুব উন্নয়ন অফিসার বদিউজ্জামান, বন কর্মকর্তা জুয়েল রানা, নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর জাতীয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। দেশের স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব সুসংহত করা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে এই দিনের চেতনা আজও অনুপ্রেরণা জোগায়। দেশের কল্যাণে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এরপর উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অন্যদিকে বিকেলে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও বার কাউন্সিলের সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং গনমাধ্যমকর্মীদের অংশ গ্রহণে খেলাটি প্রাণবন্ত হয়ে উঠে।









