বিশেষ প্রতিনিধি ॥ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গতকাল শনিবার (৭ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো. ইউনুস আলী।
প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোজাম্মেল হক রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল (একাডেমিক) দিলরুবা পারভিন, ভাইস প্রিন্সিপাল মো. রেজাউর রহমান খানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ হুজাইফা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি জাতীয় ঐক্য, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশ ও জাতির প্রতি শিক্ষার্থীদের দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো. ইউনুস আলী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্বশীলতার বোধও জাগ্রত করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।
এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোজাম্মেল হক রাসেল জানান, শিক্ষার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিহাসের চেতনায় উজ্জীবিত হয়ে শিক্ষার্থীরা যেন সৎ, মানবিক, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেটিই তাদের প্রত্যাশা।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা ও দেশপ্রেমের চেতনা বিকাশে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।









