কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবির রনজিতপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন উজানগ্রাম ইউনিয়নের রনজিতপুর পুর গ্রামে মর্মান্তিক এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে মৃত দরবেশ মণ্ডলের ছেলে সাগর মণ্ডলের দুটি বসতঘর ও ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতি বার (৫ নভেম্বর) বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই রুমের টিনশেড ইটের তৈরি ওই বাড়ির একরুমে গরুর খাবার বিচালি ও পাটকাঠি রাখা ছিল এবং সেই রুমেই ছিল বৈদ্যুতিক মিটার। ভুক্তভোগী পরিবারের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই মুহূর্তের মধ্যে এই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয় যুবক মিঠু জদ্দার জানান, মাত্র কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আমরা অনেক চেষ্টা করেও তা নেভাতে পারিনি।

 

ভুক্তভোগী সাগর মন্ডল জানান, আমি তখন মাঠে ছিলাম। খবর পেয়ে বাড়ি এসে দেখি আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, খাট, ড্রেসিং টেবিল, টিন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

সাগরের মা আহাজারি করতে করতে বলেন, আমার সব শেষ,আমার ছেলের খেটে খাওয়া শরীর নিয়ে তিল তিল করে গড়ে তোলা ঘরবাড়ি চোখের পলকে পুড়ে ছাই হয়ে গেল। এই মুহূর্তে আমাদের নতুন করে ঘর তোলার মতো কোনো সামর্থ্য নেই।

 

হঠাৎ ঘটে যাওয়া এই সর্বনাশা অগ্নিকাণ্ডে ভুক্তভোগী পরিবারটির মাথায় আকাশ ভেঙে পড়েছে। তাদের কান্নায় ও এমন মানবেতর পরিস্থিতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ক্ষতিগ্রস্ত এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর