আজাদ সানি ॥ মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সৌহার্দ্যপূর্ণ প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও নাইজেরিয়া দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এক গোলে জয়লাভ করে পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যকালে অধ্যক্ষ সোহারাব উদ্দিন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে এবং সুস্থ সমাজ গঠনে এ ধরনের ইতিবাচক আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। তিনি এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান খোন্দকার ওমর ফারুক কুদ্দুস।
শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। টুর্নামেন্ট আয়োজনে দায়িত্ব পালন করেন মনিরুজ্জামান মনি, মোস্তাফিজুর রহমান টুটুল, আসাদুজ্জামান নয়ন, আনিসুর রহমান আনুস, সাকলাইন সজিন, হিমেল কাজল, জয় ও মিলন।









