বিশেষ প্রতিনিধি ॥ প্রয়াত রাশিদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া মাঠে কৃষকদের সুবিধার্থে দ্বিতীয় নলকূপ স্থাপন করেছে রাশিদা ফাউন্ডেশন।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর নলকূপটির উদ্বোধন করেন রাশিদা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহারিয়া ইমন রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন ঝাউদিয়া বিলপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান আসাদ, রাশিদা ফাউন্ডেশনের সদস্য তুহিন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নলকূপ উদ্বোধনকালে শাহারিয়া ইমন রুবেল বলেন, “কৃষকরা আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ এই চালিকাশক্তিকে আমরা বিভিন্নভাবে অবহেলা করি। কৃষকদের বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে রাশিদা ফাউন্ডেশন এ উদ্যোগ গ্রহণ করেছে।
কৃষকদের তৃষ্ণা নিবারণ এবং বিশুদ্ধ পানির সংকট কিছুটা হলেও লাঘব করার পাশাপাশি মায়ের স্মৃতিকে মানুষের কল্যাণে বাঁচিয়ে রাখতেই রাশিদা ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, মায়ের স্মৃতির সঙ্গে মানুষের উপকারের বিষয়টি জড়িয়ে থাকুক। সামর্থ্য অনুযায়ী রাশিদা ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৭ অক্টোবর রাশিদা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝাউদিয়া দাখিল মাদ্রাসায় প্রথম নলকূপ স্থাপন করে রাশিদা ফাউন্ডেশন।
২০২২ সালের ২৭ অক্টোবর ঝাউদিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক নির্বাচিত নারী সদস্য রাশিদা বেগম ইন্তেকাল করেন। তিনি ১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ওই তিনটি ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর স্মৃতি ও মানবিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে রাশিদা ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।









