রঞ্জুউর রহমান ॥ শুধু জরিমানা বা শাস্তি দিয়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়; এ জন্য প্রয়োজন মানুষের মধ্যে সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলা। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদ বিন-হাসান।
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারাভিযান চলছে। এ কার্যক্রম সফল করার দায়িত্ব শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের নয়, বরং প্রত্যেক নাগরিকের। যেখানে-সেখানে ময়লা না ফেলা, নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং অন্যদেরও পরিচ্ছন্নতা বজায় রাখতে উৎসাহিত করার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও ব্যক্তিগত দায়িত্ববোধ জরুরি। নাগরিকেরা সচেতন হলে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ ও রেভিনিউ মুন্সিখানা শাখা) রেশমা খাতুন।
এ ছাড়া সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের ভূমিকা এবং জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা হয়।









