বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় অসহায়, হতদরিদ্র ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের যুব স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে পৌর যুবদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন এছাড়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক শাহ নেওয়াজ সুমনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অসহায়, হতদরিদ্র ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এসময় আল আমীন রানা কানাই বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রেখে আসছে। আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাকরি। তবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
কামাল উদ্দিন বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদার করে।
মোস্তাফিজুর রহমান সুমন বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। অসহায়, হতদরিদ্র ও এতিমদের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পরিচালনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
জিল্লুর রহমান জনি বলেন, যুবসমাজ দেশের একটি গুরুত্বপূর্ণ শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মানবিক কর্মকাণ্ডে যুবদলের নেতাকর্মীদের আরও সম্পৃক্ত করার প্রত্যাশা রাখি।









