কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ধানি জমিকে মাদ্রাসা দেখিয়ে সরকারি অনুদান আত্মসাৎ

জামায়াত এমপি আমির হামজার ঘনিষ্ঠ সহযোগী

 

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ধানি জমিকে মাদ্রাসা দেখিয়ে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ উঠেছে হাফিজুর রহমান জিহাদি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মাদ্রাসা উন্নয়নের নামে দুই দফায় চার লাখ টাকা তুলে নিলেও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের কোনো চিহ্ন নেই। প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে বারবার তাঁকে কাজের চাপ দেওয়া হলেও তিনি কর্ণপাত করছেন না। উল্টো নতুন বরাদ্দকৃত প্রকল্পে আবারও একই প্রতিষ্ঠানের নামে অর্থের আবেদন করা হয়েছে। 

 

হাফিজুর রহমান কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য জামায়াত নেতা আমির হামজার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ওয়াজ-নসিহত করেন। 

 

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় সংসদ সদস্যদের অনুকূলে অর্থ বরাদ্দ দেয় সরকার। অর্থ বরাদ্দের জন্য কুষ্টিয়া-৩ আসনে এমপি আমির হামজা তাঁর প্যাডে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম উপজেলার প্রকল্প অফিসে পাঠান। এর মধ্যে কুষ্টিয়া পৌর এলাকার চৌড়হাস ‘আহসাবে সুফফা নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি জমা দেওয়ার পর হাফিজুর রহমানকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি মে মাসে জমা দেওয়া হয়। 

 

খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দফায় প্রতিষ্ঠানের উন্নয়নের নামে দুই লাখ টাকা তুলে মাদ্রাসার কোনো কাজ না করেই বাকি অর্থের জন্য চাপ দেন হাফিজুর রহমান। এর পর কাজের জন্য কয়েকবার তাঁকে তাড়া দেওয়া হলেও কাজ না করেই বরাদ্দের বাকি দুই লাখ টাকার চেকও নিজের নামে নিয়ে ব্যাংক থেকে তুলে নেন তিনি। 

 

মাদ্রাসার উন্নয়নকাজের বিষয়ে খোঁজ নিতে একাধিক দিন সরেজমিন চৌড়হাস এলাকায় একাধিক দিন গিয়েও প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারাও এই নামে কোনো মাদ্রাসার কথা জানেন না। কয়েক দিন খোঁজাখুঁজির পর চৌড়হাস মোড়ের এক বাসিন্দা জানান, গ্রামের ফসলি জমির মাঠে ওই নামে একটি মাদ্রাসার সাইনবোর্ড দেখেছেন তিনি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার দুপুর ১টার দিকে ২০ নম্বর ওয়ার্ডের চৌড়হাস কোল্ডস্টোরেজ-সংলগ্ন মাঠে গিয়ে দেখা যায়, ধানের জমির আইলে একটি সাইনবোর্ড লাগানো। নিচু জমিতে পানি জমে আছে এবং পাশে ধানের আবাদ চলছে। কিন্তু সেখানে মাদ্রাসা-সংক্রান্ত কোনো অবকাঠামোর অস্তিত্ব নেই। মাটি ফেলা বা দেয়াল নির্মাণেরও কোনো চিহ্ন সেখানে দেখা যায়নি।

 

ওই সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘আহসাবে সুফফা নূরানী হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এর প্রস্তাবিত নির্ধারিত স্থান’। সেখানে একটি মোবাইল নম্বর দেওয়া রয়েছে, যা হাফিজুর রহমানের। তবে সার্বিক তত্ত্বাবধানে এমপি আমির হামজার নাম উল্লেখ করা আছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় জমি কেনা হলেও এখনও কোনো কাজ শুরু হয়নি। জায়গাটি পরিদর্শন করতে এমপি আমির হামজা কিছুদিন আগে হাফিজুর রহমানসহ কয়েকজনকে নিয়ে সেখানে এসেছিলেন। এমপির ঘনিষ্ঠ হওয়ায় হাফিজুরকে প্রকল্প সভাপতি করা হয়।

 

যদিও সরকারি অর্থ বরাদ্দের নিয়ম অনুযায়ী জুন মাসের মধ্যে সব কাজ শেষ করে ছবিসহ অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার কথা। কিন্তু ওই মাদ্রাসা প্রকল্পে তা করা হয়নি। তা সত্ত্বেও, চলতি মাসে নতুন বরাদ্দকৃত প্রকল্পে আবারও একই প্রতিষ্ঠানের নামে অর্থের আবেদন করা হয়। তবে উপজেলা প্রকল্প অফিস থেকে আপত্তি জানিয়ে তা ফেরত পাঠানো হয়েছে।

 

অভিযোগ প্রসঙ্গে হাফিজুর রহমান জিহাদী বলেন, ‘আমির হামজা ভাইয়ের (এমপি) তত্ত্বাবধানে আমি কাজ করছি।’ সরকারি বরাদ্দকৃত অর্থে প্রকল্পের কাজ হয়েছে কিনা জানতে চাইলে তিনি দাবি করেন, ‘কিছু কাজ হয়েছে। বাকি কাজ আগামী শনি ও রবিবারের মধ্যে শেষ করব।’ পরে আবার মোবাইল ফোনে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আগামী শনি-রবিবার এসে দেখবেন কাজ শেষ হয়ে গেছে।’

 

কুষ্টিয়া সদর উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (বর্তমানে মিরপুরে কর্মরত) মাহফুজুর রহমান বলেন, ‘আমি তখন সদরে দায়িত্বে ছিলাম, এখন মিরপুরে আছি। বিষয়টি ঠিক মনে নেই, খোঁজ নিয়ে দেখতে হবে। নিয়ম অনুযায়ী কাজ পর্যবেক্ষণ করেই বিল ছাড় দেওয়া হয়।’

 

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুণ অর রশিদ বলেন, ‘এমপি মহোদয় এই ধরনের একটি প্রকল্প দিয়েছিলেন বলে মনে পড়ে। কাজ না হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

অভিযোগের বিষয়ে কথা বলতে সংসদ সদস্য আমির হামজার ব্যক্তিগত নম্বরে একাধিকবার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তাঁর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর