বিশেষ প্রতিনিধি ॥ ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে কুষ্টিয়ায় জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। ঢাকার তেজগাঁও ভূমি ভবন ও পুরানা পল্টনের নাগরিক ভূমিসেবা কেন্দ্রের আদলে এ কেন্দ্র চালু করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব), (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন প্রমুখ।
জানা গেছে, এই কেন্দ্র থেকে নিম্নরূপ সেবা পাওয়া যাবে। বিনামূল্যে ভূমিসেবার আবেদন। সরকার নির্ধারিত ফি পরিশোধ। অনলাইনে অভিযোগ দাখিল। সরকার নির্ধারিত ফি অনলাইনে বিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের মাধ্যমেও পরিশোধ করা যাবে।
সেবার সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। নাগরিকদের দোর গোড়ায় সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এটি ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে কুষ্টিয়া জেলা প্রশাসনের অন্যতম মাইলফলক।









