কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগ 

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক বিধবা নারীর প্রায় এক লাখ টাকা মূল্যের দুটি খাসি ছাগল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ গ্রামে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিতে উদ্যত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হেফাজতে নেয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ গ্রামের মো. শিশির (২৮) ও মো. শোভন (৩০)।

 

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে আসামিরা ওই গ্রামের বিধবা নারী নাজমা খাতুনের বসতবাড়ির টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে এক লাখ টাকা মূল্যের দুটি বড় খাসি ছাগল চুরি করেন বলে অভিযোগ রয়েছে। পরে ছাগল দুটি জবাই করে মাংস বিক্রি করে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এজাহার সূত্রে আরও জানা যায়, পরদিন বিকেলে বাদীর আরেকটি ছাগল চুরির সূত্র ধরে অনুসন্ধান চালানো হয়। এ সময় অভিযুক্ত শোভনের বাড়িতে ছাগল জবাইয়ের আলামত ও রশি পাওয়া যায় বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন শিশির ও শোভনকে আটক করেন।

 

খবর পেয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নির্দেশে উপপরিদর্শক (এসআই) গোবিন্দ মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় উত্তেজিত জনতার হাত থেকে আটক দুজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 

ভেড়ামারা থানার ওসি মো. শামীম শেখ  জানান, এ ঘটনায় দণ্ডবিধির ৩৮০ ধারায় ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২৮ অক্টোবর) গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হচ্ছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর