কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন উপলক্ষে ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, মানসম্মত শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে সচেতনতা বাড়াতে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী ঈদগাহপাড়ায় কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. আমিরুল আরাফাত সরকারের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের তাৎপর্য, নারীর ক্ষমতায়ন, সরকারি সুযোগ-সুবিধা, মানসম্মত শিক্ষার গুরুত্ব, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীশিক্ষা নিয়ে আলোচনা করেন।

 

সভাপতির বক্তব্যে মো. আমিনুল ইসলাম সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুবিধা, কৃষিঋণ মওকুফ, পদ্মা ব্যারেজ-সংক্রান্ত সুবিধা, চিকিৎসাসেবা, কৃষি খাতে প্রশিক্ষণ, লিগ্যাল এইড ও গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

 

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ, নতুন কুঁড়ি প্রতিযোগিতা-২০২৬, সন্তানদের মাদকাসক্তি প্রতিরোধ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, অন্যের সম্পদে অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং সামাজিক বিশৃঙ্খলা রোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন তিনি। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নারী-পুরুষের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শিহাবুল ইসলাম সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সন্তানদের শিক্ষায় অভিভাবকদের দায়িত্বের কথা তুলে ধরেন।

 

সমাজসেবক মীর মাহবুব আলম মহন তাঁর বক্তব্যে শিক্ষা, ফ্যামিলি কার্ড ও সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করেন। ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন শিশুদের শিক্ষার ক্ষেত্রে মা-বাবার করণীয় বিষয়ে গুরুত্ব দেন।

 

এ ছাড়া বক্তব্য দেন জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. জেসমিন আরা এবং সমাজসেবক মো. রেজাউল ইসলাম।

 

সমাবেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, নারী-পুরুষ ও শিক্ষার্থীসহ প্রায় ১৮০ জন অংশ নেন। অনুষ্ঠানে নতুন কুঁড়ি প্রতিযোগিতা-২০২৬, ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. ফারুক হোসেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর