কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বাড়ল এলজিইডির প্রকল্পে নারী কর্মী নিয়োগে আবেদনের সময়

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ১৩টি ইউনিয়নে পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় ১৩০ জন নারী কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আবেদন জমার সময় এক সপ্তাহ বাড়িয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। চাকরি দেওয়ার প্রলোভনে দরিদ্র নারীদের কাছ থেকে টাকা আদায়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারে অসংগতি ও ইউনিয়ন পরিষদে চিঠি পৌঁছাতে বিলম্বের অভিযোগ সামনে আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। একই সঙ্গে ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা অডিটরিয়ামে সবার সামনে লটারির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার ঘোষণা দিয়েছে এলজিইডি। নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগে লিখিত অভিযোগ পেলে নিজে বাদী হয়ে থানায় মামলা করার কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী।

 

গতকাল বুধবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ২টায় কুষ্টিয়া সদর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী রোশান আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অনেকেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত না হওয়ায় আবেদনের সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নির্ধারিত দিনে সবার সামনে লটারির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

অর্থ আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, চাকরির ফলাফল দেওয়ার কথা বলে যারা অর্থ হাতিয়ে নিয়েছেন, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা করবেন বলেও জানান।

 

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ বলেন, নারী কর্মী নিয়োগে অনিয়ম বা অর্থ লেনদেনের অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

 

তিনি বলেন, কেউ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নিয়ে থাকলে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রকৃত যোগ্য ও অসহায় নারীরা যাতে নিয়োগের সুযোগ পান, সে বিষয়েও প্রশাসন নজর রাখবে।

 

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যমে ‘কুষ্টিয়ায় এলজিইডির নারী কর্মী নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

 

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারে অসংগতি এবং ইউনিয়ন পরিষদগুলো যথাসময়ে বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত না হওয়ায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগ্রহী নারীরা আগামী ৩ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। কুষ্টিয়া সদর উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়া, শারীরিকভাবে কায়িক শ্রমে সক্ষমতা এবং নির্ধারিত জমির সীমা মেনে চলার শর্ত রয়েছে।

 

এলজিইডি জানিয়েছে, আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। আগামী ৫ নভেম্বর উপজেলা অডিটরিয়ামে সবার সামনে লটারি আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর