কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে জেন্ডার বৈষম্য মোকাবিলায় সংলাপ

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে নারী-পুরুষের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সরকার, প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে উদয়ন যুব সংস্থার উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। ‘সমতায় তারুণ্য—ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উদয়ন যুব সংস্থার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার।

 

মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় সংলাপে নিবন্ধ উপস্থাপন করেন উদয়ন যুব সংস্থার উপদেষ্টা ফারুক হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থার অর্থ সম্পাদক তানিয়া সুলতানা নীলা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন পর্যায়ে নারী-পুরুষের প্রতি সমান দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি। প্রচলিত কিছু ধারণা ও বৈষম্যমূলক আচরণের কারণে নারীরা এখনো নানা ক্ষেত্রে পিছিয়ে পড়েন। এসব ধারণা পরিবর্তনে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে তরুণদের সচেতন ভূমিকা গুরুত্বপূর্ণ।

 

এ সময় মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, মেভসের পরিচালক মজিবুল হক, সেক্টরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রিপন আলী, আদিবাসী সনাতনী সম্প্রদায়ের নেতা সুজন কুমার ব্যাধ, উদয়ন যুব সংস্থার প্রচার সম্পাদক জিহাদ রহমান জিসান এবং সদস্য সোনিয়া সুলতানা ও লিপি খাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সংলাপে সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণা চিহ্নিত করা, বৈষম্যমূলক আচরণ প্রতিরোধ এবং নারী-পুরুষের সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর