খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে খোকসা থানা পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে খোকসা থানা এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক সেবনের অভিযোগে খোকসা থানাপাড়া এলাকার মো. তেজেম আলীর ছেলে মো. রাছেল (২৮) এবং খোকসা চরপাড়া এলাকার মো. আজিজুলের ছেলে মো. আলামিন (২৮)কে গ্রেপ্তার করা হয়।
পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭ (১) ধারা অনুযায়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত দুইজনকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খোকসা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।









