কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে জমি দখলকে কেন্দ্র করে প্রাণহানির আশঙ্কা, থানায় অভিযোগ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ক্রোকটনগর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন জমির মালিক পঁচা মোল্লা। জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার আউলাদ, খেদু ও সৈয়দ হোসেন খাজার বিরুদ্ধে।

 

অভিযোগকারী পঁচা মোল্লা জানান, রামকৃষ্ণপুর ইউনিয়নের মহিষকুড়ি মৌজার আরএস ১১৯৭ ও ২০১৭ খতিয়ানের আরএস ২৮২, ২৮৩ ও ২৮০ দাগে ক্রয় সূত্রে তার প্রায় ৯৯ শতক জমি রয়েছে। এর কিছু অংশে তার বসতবাড়ি এবং বাকি জমিতে দীর্ঘদিন ধরে তিনি চাষাবাদ করে আসছেন।

 

তিনি আরও অভিযোগ করেন, মহিষকুড়ি মৌজার আরএস ১১৯৭ খতিয়ানের ২৮২ ও ২৮৩ দাগে থাকা তার ৩৫ শতক জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা ও বিরোধ চলে আসছে। এর জেরে অভিযুক্তরা পেশিশক্তির প্রভাব খাটিয়ে ওই জমি দখলের চেষ্টা করছেন এবং বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে দাবি করেন তিনি।

 

পঁচা মোল্লার অভিযোগ, গত ২ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে তার অনুপস্থিতিতে অভিযুক্তরা একজন আমিন নিয়ে এসে তার জমি মাপজোক করেন এবং জমির মালিকানা দাবি করে সেখানে সীমানা পিলার স্থাপন করেন।

 

এ ঘটনায় সম্ভাব্য সংঘর্ষ ও প্রাণহানি এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পঁচা মোল্লা। তিনি বিষয়টি নিয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

 

অভিযুক্ত আউলাদসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর