রেলওয়ের অনুমতি নেই
খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা রেলওয়ে স্টেশনে রেলওয়ের অনুমতি ছাড়াই রাতের আঁধারে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্টেশনের যাত্রী ছাউনির পাশে মুর্শিদের দোকানসংলগ্ন এলাকায় বর্তমানে ওই দোকানঘরের নির্মাণকাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, রেলওয়ের জায়গায় অনুমোদন ছাড়া দোকান নির্মাণের পাশাপাশি দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা সিকিউরিটি নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোকসা রেলওয়ে স্টেশনের যাত্রী ছাউনির পাশে মুর্শিদের দোকানের সংলগ্ন স্থানে সম্প্রতি একটি নতুন দোকানঘর নির্মাণের কাজ শুরু করা হয়। অভিযোগ রয়েছে, দিনের পরিবর্তে রাতের আঁধারে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে দোকানঘরটির নির্মাণকাজ চলমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপির স্থানীয় নেতা মনিরুজ্জামান কাজলের নেতৃত্বে দোকানঘরটি নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে দোকান বরাদ্দের কথা বলে কয়েকজনের কাছ থেকে ৫০ হাজার টাকা করে সিকিউরিটি নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, মসজিদের উন্নয়নের উদ্দেশ্যে ওই দোকানঘর নির্মাণ করা হচ্ছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরকারি জায়গায় এভাবে স্থাপনা নির্মাণের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
খোকসা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের ভাষ্য, দোকানঘর নির্মাণের বিষয়ে রেলওয়ের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে রেলওয়ের জায়গায় অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণ এবং দোকান বরাদ্দের নামে টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। সরকারি জায়গা ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নির্ধারিত নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
স্থানীয়দের দাবি, রেলওয়ের জায়গায় অনুমোদনহীন নির্মাণকাজ বন্ধ করে বিষয়টি তদন্ত করা হোক। একই সঙ্গে দোকান বরাদ্দের নামে অর্থ নেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।









