বিশেষ প্রতিনিধি ॥ দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়া জেলা কৃষকদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস চত্বরে কৃষকদলের নেতাকর্মী জড়ো হোন। জেলা কৃষকদল আয়োজিত এ কর্মসূচিতে জেলার ছয় উপজেলা, পৌরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন ও সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু। উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক, হেলাল উদ্দিন সুমন ও শফি উদ্দিন শফি, কুমারখালী উপজেলা কৃষক দলের আহবায়ক সাইদুর রহমান, খোকসা উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, ভেড়ামারা উপজেলা কৃষকদলের আহবায়ক অ্যাডভোকেট আব্দুল হান্নান, মিরপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল খালেক।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক খন্দকার মোমিনুল ইসলাম কাজিম প্রমূখ। এসময় জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন বলেন, সারা বাংলাদেশে গুপ্ত বাহিনী এনসিপি ও জামায়াতের উপরে ভর করে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র এবং নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। তিনি দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অস্থিতিশীলতা জনগণ মেনে নেবে না। কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কৃষক দল সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এছাড়া তিনি পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা এলাকায় কৃষকদলের কার্যালয় ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এছাড়া জেলা কৃষকদলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ভাবে পায়তারা করছে। তিনি বলেন, জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় কৃষক দলের নেতাকর্মীরা সবসময় রাজপথে সক্রিয় থাকবে। একই সঙ্গে তিনি নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান। দেশ ও জনগণের স্বার্থে সব ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ড পরিহার করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। এদিকে কর্মসূচিতে কুষ্টিয়া জেলা কৃষক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।









