কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে মেলার নামে প্রকাশ্যে জুয়া, ক্ষুব্ধ এলাকাবাসী

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বউ বাজার সংলগ্ন এলাকায় মেলার আড়ালে অবাধে চলছে জুয়ার আসর। স্থানীয় একটি প্রভাবশালী চক্র এই অনৈতিক কার্যক্রম চালিয়ে আসলেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই মেলার সূচনা হয়। মেলা আয়োজনের দায়িত্বে রয়েছেন জগন্নাথপুর ইউনিয়নের সহ-সভাপতি রশিদ মন্ডল ও তার সঙ্গীরা।

প্রতিদিন দুপুর গড়িয়ে বিকেল হতেই মেলার নামে জমজমাট জুয়ার আসর বসে, যা চলে গভীর রাত পর্যন্ত। অভিযোগ রয়েছে, মেলায় বিভিন্ন ধরনের জুয়ার খেলায় প্রতিদিন লাখ লাখ টাকার অবৈধ লেনদেন হচ্ছে। এতে দূর-দূরান্ত থেকে জুয়াড়িরা এসে ভিড় জমাচ্ছে। ফলে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং চুরি, ছিনতাইসহ কিশোর অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ, যারা জুয়ার প্রলোভনে পড়ে তাদের কষ্টার্জিত অর্থ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন।

মেলাকে কেন্দ্র করে জুয়ার এমন রমরমা ব্যবসায় সচেতন মহল তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। অবিলম্বে এই অবৈধ আসর বন্ধ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। মেলার নামে কেউ যদি জুয়া বা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, “মেলার আড়ালে জুয়ার আসর বসানোর কোনো সুযোগ নেই। এই ধরনের ঘটনার সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর