খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে খোকসা থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে উপজেলার জয়ন্তীহাজরা ও খোকসা পৌরসভার, কমলাপুর ৯ নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-উত্তর শ্যামপুর গ্রামের মৃত তেজারত আলী মন্ডলের ছেলে মোঃ মাহাতাব উদ্দিন (৫২)। তিনি ৮নং জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
অপরজন হলেন কমলাপুর জোয়ার্দ্দার পাড়ার আবুল হোসেন জোয়ার্দ্দারের ছেলে মোঃ মতিয়ার রহমান মতি জোয়ার্দ্দার (৬০)। তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে খোকসা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। খোকসা থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তাদের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।









