কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত 

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উত্তর রেলগেট বাজারের সামনে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা সড়কটি জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে মেরামতের কাজ শুরু করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাজী মো. এমরান আলী ওরফে কালাম মন্ডল। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি নিজ উদ্যোগে ইট ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী এনে শ্রমিকদের সঙ্গে নিয়ে সড়কটির ভাঙা অংশ মেরামতের কাজ শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর রেলগেটের সামনে গুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থার সৃষ্টি হয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছিল।

এতে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছিল বলে জানান স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কটির দুরবস্থার ছবি ও ভিডিও প্রকাশ পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ লাঘবে শেষ পর্যন্ত নিজ উদ্যোগেই সড়কটি মেরামতের কাজে এগিয়ে আসেন হাজী কালাম মন্ডল। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা। তারা বলেন, দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তাতে আপাতত পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরবে।

উল্লেখ্য, হাজী মো. এমরান আলী ওরফে কালাম মন্ডল ভেড়ামারা উত্তর রেলগেট বাজার কমিটির সভাপতি, উত্তর রেলগেট জামে মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর