কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সরকারি স্বীকৃতি পেল কুষ্টিয়া ফিল্ম ক্লাব

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত হলো নতুন এক অর্জন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে সরকারি নিবন্ধন ও স্বীকৃতি পেয়েছে কুষ্টিয়া ফিল্ম ক্লাব। এর মাধ্যমে সংগঠনটি কুষ্টিয়া জেলার একমাত্র সরকারি নিবন্ধনপ্রাপ্ত ও স্বীকৃত ফিল্ম ক্লাব হিসেবে আনুষ্ঠানিক মর্যাদা অর্জন করেছে। চলচ্চিত্রচর্চা, সুস্থ সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মের মধ্যে বিশ্বমানের চলচ্চিত্রবোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে কুষ্টিয়া ফিল্ম ক্লাব। সরকারি স্বীকৃতি পাওয়ায় সংগঠনটির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কুষ্টিয়া ফিল্ম ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, চলচ্চিত্রকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং সমাজ পরিবর্তন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধ বিকাশের শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা কাজ করে যাবেন। তিনি বলেন, ‘সরকারি নিবন্ধন ও স্বীকৃতি কুষ্টিয়ার চলচ্চিত্রপ্রেমী মানুষ এবং সাংস্কৃতিক কর্মীদের জন্য একটি আনন্দের সংবাদ। এই স্বীকৃতির মাধ্যমে স্থানীয় চলচ্চিত্র নির্মাতা, শিক্ষার্থী ও তরুণ সংস্কৃতিকর্মীদের চলচ্চিত্রচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।’ আগামী দিনে চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব, কর্মশালা, আলোচনা সভা এবং চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের মাধ্যমে কুষ্টিয়ার চলচ্চিত্র আন্দোলনকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

১১ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি মোঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার, সহ-সম্পাদক মোঃ আজিজুল হক, কোষাধ্যক্ষ মোঃ নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, দপ্তর সম্পাদক জিয়াউল রহমান, সহ-দপ্তর সম্পাদক মোঃ নাহিদুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মুকুল হোসেন, আন্তর্জাতিক বিষয় সম্পাদক মেহেদী হাসান রাব্বি, তথ্য ও গবেষণা সম্পাদক খন্দকার সোহেল ইসলাম। কুষ্টিয়া ফিল্ম ক্লাবের এই অর্জনে জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর