ঢাকা অফিস ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ওয়াদ মালিথা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন যুবককে আটক করেছে উত্তেজিত জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকদের হেফাজতে নেয়। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াদ মালিথা ওই গ্রামের মৃত আদু মালিথার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে রাস্তার পাশে বৃদ্ধ ওয়াদ মালিথা বসে ছিলেন।
এ সময় খলিশাকুন্ডির দিকে যাওয়া একটি মোটরসাইকেলে চার যুবক দ্রুতগতিতে যাচ্ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক আলামিন (১৭) পালিয়ে যান। এ সময় মোটরসাইকেলে থাকা রাব্বি (১৬), হুসাইন (১৭) ও মুরসালিন (১৬) নামে তিনজনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়দের দাবি, আটক ও পলাতক যুবকরা পার্শ্ববর্তী ভেড়ামারা গ্রামের বাসিন্দা। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসীর মধ্যে আটক তিন যুবককে মারধরের ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আটকরা পুলিশের হেফাজতে রয়েছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান। তিনি জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে তা প্রতিহত করা হবে।









